১০ দিন ধরে ধ্বংসস্তূপে চাপা থাকার পর নেপালে জীবিত উদ্ধার ৬০ বছরের বৃদ্ধা, উদ্ধার চিনা শ্রমিকও

১০ দিন ধরে ধ্বংসস্তূপে চাপা থাকার পর নেপালে জীবিত উদ্ধার ৬০ বছরের বৃদ্ধা, উদ্ধার চিনা শ্রমিকও

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও হড়পা বানের দশ দিন পর নেপালের নুয়াকোট জেলা থেকে ৬০ বছর বয়সি এক বৃদ্ধাকে অলৌকিক উপায়ে জীবিত উদ্ধার করল পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল। শনিবার উদ্ধার হওয়া এই বৃদ্ধার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

দশ দিন পর উদ্ধার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ আগস্ট নেপালের ভয়াবহ হড়পা বান ও কাদামাটির স্রোতে নুয়াকোট জেলার বেত্রবতী এলাকায় একটি চারতলা বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ওই বৃদ্ধা এবং দীর্ঘ ১০ দিন ধরে তিনি সেখানেই আটকে ছিলেন। অবশেষে শনিবার সকালে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাঁকে উদ্ধার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর সুড়ঙ্গ খুঁড়ে তাঁকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে আসছেন। দীর্ঘ দশ দিন অভুক্ত ও অবরুদ্ধ থাকায় তাঁর সারা শরীরে কাদামাটি লেপ্টে ছিল, চেহারা শীর্ণকায় হয়ে গিয়েছিল এবং চোখে-মুখে স্পষ্ট ছিল চরম ক্লান্তি ও অসহায়তার ছাপ। উদ্ধারের পরপরই তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ‘আনন্দ নেপালি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই উদ্ধারের ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা দেখে নেটিজেনদের একাংশ একে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করেছেন।

জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকেও উদ্ধার শ্রমিক এদিকে শনিবার সকালেই ত্রিশূলীর একটি জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে আটকে থাকা এক চিনা শ্রমিককেও জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবারও একই এলাকার ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে আরও দু’জন নেপালি শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করেছিলেন উদ্ধারকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.