২০২৭ একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা: ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু ভারতের, ভারত-পাক দ্বৈরথ ১০ অক্টোবর

২০২৭ একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা: ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু ভারতের, ভারত-পাক দ্বৈরথ ১০ অক্টোবর

টুর্নামেন্ট শুরুর ঠিক ৩৬৫ দিন আগে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো ২০২৭ পুরুষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক জমকালো অনুষ্ঠানে এই সময়সূচি প্রকাশ করা হয়। আগামী ৭ অক্টোবর ভারত ও গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা টুর্নামেন্টের। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

সূচি অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৭ অক্টোবর কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এর ঠিক তিন দিন পর, ১০ অক্টোবর জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। ভারত তাঁদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে যথাক্রমে: আফগানিস্তান (১৪ অক্টোবর, শোয়ানে), যোগ্যতা অর্জনকারী দল (১৭ অক্টোবর, ব্লুমফন্টেন) এবং জিম্বাবুয়ে (২৪ অক্টোবর, ভিক্টোরিয়া ফলস)। ভারতের প্রতিটি গ্রুপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১:৩০টা থেকে।

টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং প্রথম যোগ্যতা অর্জনকারী দল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে স্থান পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং দ্বিতীয় যোগ্যতা অর্জনকারী দল। আয়োজক দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং জিম্বাবুয়ে ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে মাঠ নামবে।

আইসিসির নির্ধারিত যোগ্যতা অর্জনের নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ টুর্নামেন্টটি মূলত তিনটি প্রধান পর্বে বিভক্ত:

  • প্রথম পর্ব (সুপার সিরিজ): র‍্যাঙ্কিংয়ের সর্বনিম্ন ৩টি দেশ রাউন্ড-রবিন ফর্ম্যাটে খেলবে। শীর্ষ দলটি মূল পর্বের ১২ দলের তালিকায় যুক্ত হবে।
  • দ্বিতীয় পর্ব (গ্রুপ পর্ব): আগামী ৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১২টি দল ৬টি করে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৩০টি ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ ৩টি দল এবং দুই গ্রুপ মিলিয়ে সেরা চতুর্থ স্থানাধিকারী দলটি পরের পর্বে যাবে।
  • তৃতীয় পর্ব (সুপার ৭): ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই পর্বে ৭টি দল একে অপরের মুখোমুখি হয়ে ২১টি ম্যাচ খেলবে। এই পর্বের শীর্ষ ৪টি দল সেমিফাইনালে উঠবে।

আইসিসি ইতোমধ্যে সুপার ৭ পর্বের সুবিধার্থে শীর্ষ ৭টি দলকে আগে থেকেই সিডিং দিয়েছে—ভারত (A1), অস্ট্রেলিয়া (A2), পাকিস্তান (A3), ইংল্যান্ড (B4), নিউজিল্যান্ড (B1), দক্ষিণ আফ্রিকা (B2) এবং শ্রীলঙ্কা (B3)। ভারত যদি সুপার ৭ পর্বে উন্নীত হয়, তবে পয়েন্ট টেবিল অনুযায়ী ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বরের মধ্যে তারা পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

উচ্চ র‍্যাঙ্কিংয়ে থাকার কারণে সরাসরি মূল পর্ব থেকে খেলবেন শুভমন গিলেরা। গ্রুপ পর্বের ৫টি ও সুপার ৭ পর্বের ৬টি ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে চ্যাম্পিয়ন হতে ভারতকে মোট ১৩টি ম্যাচ জিততে হবে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ নভেম্বর।

বিশ্বকাপের সূচি উন্মোচন করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “সূচি প্রকাশ এবং টিকিট ব্যালটের উদ্বোধন বিশ্বকাপের আয়োজনে একটি বড় মাইলফলক। সাধ্যের মধ্যে টিকিটের দাম রাখা হয়েছে, যাতে সাধারণ দর্শক, তরুণ প্রজন্ম ও পরিবারগুলি সরাসরি মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.