একই দিনে জোড়া শাস্তির মুখে পড়ল আর্জেন্টিনার ফুটবল দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিশৃঙ্খলার অভিযোগে আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে জরিমানার পর এবার ফুটবলারদের ওপর নেমে এল ফিফার কঠোর শাস্তির খাঁড়া। মোট ১৮ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে দলের তিন ফুটবলারকে। পাশাপাশি শাস্তির কোপে পড়েছেন দলের সহকারী কোচও।
শুক্রবার আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) এক বিজ্ঞপ্তিতে জানায়, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ এবং ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ নির্বাসিত করা হয়েছে। এছাড়া এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছে থিয়াগো আলমাদাকে। ফুটবলারদের পাশাপাশি তিন ম্যাচের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে দলের সহকারী কোচ রবার্তো আয়ালাকেও। অন্যদিকে, স্পেনের ফুটবলার গাভিকেও এক ম্যাচের নির্বাসন দিয়েছে ফিফা। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, এই নির্বাসনের মেয়াদ শুধুমাত্র জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, ক্লাব ফুটবলে এর কোনো প্রভাব পড়বে না।
নির্বাসনের পাশাপাশি কড়া আর্থিক জরিমানার মুখে পড়েছেন সংশ্লিষ্ট ফুটবলার ও কোচ। ফিফার নির্দেশ অনুযায়ী, লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে দিতে হবে ৯০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬ লক্ষ টাকারও বেশি) জরিমানা। আলমাদা এবং সহকারী কোচ আয়ালাকে ৩০ হাজার ডলার (প্রায় ২৯ লক্ষ টাকা) করে জরিমানা করা হয়েছে। একই পরিমাণ (৩০ হাজার ডলার) জরিমানা দিতে হবে স্পেনের গাভিকেও।
উল্লেখ্য, প্রতিপক্ষ স্পেনের বিরুদ্ধে ম্যাচে চরম আক্রমণাত্মক ও রূঢ় আচরণ করেন পারেদেস। ম্যাচ চলাকালীন রেফারি তাঁকে একাধিকবার সতর্ক করার পাশাপাশি লিওনেল মেসিকেও বিষয়টি সামলানোর জন্য অনুরোধ জানান। তবে তা সত্ত্বেও নিজের আচরণ সংযত করেননি পারেদেস।
ম্যাচ শেষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্পেনের ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পারেদেস। অভিযোগ, তিনি গাভিকে ঘাড়ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং অন্যান্যদের সঙ্গেও হাতাহাতিতে লিপ্ত হন। সেই ঝামেলায় যোগ দেন আলমাদা ও মোলিনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে দলের সহকারী কোচ রবার্তো আয়ালাও স্প্যানিশ ফুটবলারদের ওপর চড়াও হন। ম্যাচ শেষ হওয়ার বেশ কিছুদিন পার হয়ে গেলেও ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেননি আর্জেন্টিনার সংশ্লিষ্ট ফুটবলাররা, যদিও গাভি ব্যক্তিগতভাবে জানান যে তিনি তাঁদের ক্ষমা করে দিয়েছেন। ফিফার এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক ফুটবলে বড়সড় ধাক্কা খেল বিশ্বজয়ী দল।

