কাইরন পোলার্ডকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রাহক জস বাটলার, গড়লেন বিশ্বরেকর্ড

কাইরন পোলার্ডকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রাহক জস বাটলার, গড়লেন বিশ্বরেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ডকে পেছনে ফেলে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে (টি-টোয়েন্টি) ইতিহাস গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জস বাটলার। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন সবচেয়ে বেশি রানের মালিক তিনি।

বুধবার ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ম্যানচেস্টার সুপারজায়ান্টসের হয়ে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে খেলতে নেমে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন বাটলার। ম্যাচটিতে তিনি মাত্র ২০ বলে ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয় উপহার দেন। বিশ্বরেকর্ড গড়তে এই ম্যাচে বাটলারের প্রয়োজন ছিল মাত্র ২২ রান। ইনিংসের ৬২তম বলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান এই ডানহাতি ব্যাটার। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে এই রেকর্ডের বার্তা ভেসে উঠতেই গ্যালারিজুড়ে শুরু হয় করতালি। সতীর্থ টিম সেইফার্টসহ প্রতিপক্ষের ক্রিকেটাররাও মাঠে তাঁকে অভিনন্দন জানান।

নতুন এই রেকর্ডের মাধ্যমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাটলারের মোট রান দাঁড়াল ১৪,৮৩৩। তিনি ৫২২টি ইনিংসে ৩৭.৩৬ গড় এবং ১৪৭.০২ স্ট্রাইক রেটে এই বিশাল রান সংগ্রহ করেছেন। এ পর্যন্ত তাঁর ব্যাটে এসেছে ৯টি শতক ও ১০৫টি অর্ধশতক। ক্যারিয়ারে তিনি মোট ১,৩৪৬টি চার এবং ৬৪৪টি ছক্কা হাঁকিয়েছেন।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে একসময় সর্বাধিক রানের রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের দখলে (৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান)। পরবর্তীকালে তাঁকে টপকে যান পোলার্ড (৭৪৬ ম্যাচে ১৪,৮০৩ রান)। এবার সেই পোলার্ডকেও অতিক্রম করে টি-টোয়েন্টি ক্রিকেটের রানসংগ্রহকারীদের তালিকার শীর্ষে নিজের নাম তুলে নিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.